নরসিংদীর মনোহরদীতে ডাকাতির সময় গ্রামবাসীর গণপিটুনিতে সিদ্দিক মিয়া নামে ১ ডাকাত নিহত
নিউজ ডেস্ক :নরসিংদীর মনোহরদীতে ডাকাতির সময় গ্রামবাসীর গণপিটুনিতে সিদ্দিক মিয়া নামে এক ডাকাত মারা গেছেন। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার বীর আহম্মদপুর এলাকার কলার বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক মিয়া উপজেলার পশ্চিম চালাকচর এলাকার সোনা মিয়ার ছেলে। তিনি ২০০৯ সালের ডাকাতির মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে প্রতিদিনই ঢাকা-মঠেখোলা সড়কে ডাকাতির ঘটনা ঘটছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বুধবার রাতে সড়কের বীর আহম্মদপুর এলাকায় ডাকাতির সময় রাস্তায় চলাচলকারী এক পথচারী বিষয়টি দেখে লোকজনকে খবর দেয়। পরে গ্রামবাসীদের ধাওয়ায় অন্যরা পালিয়ে গেলেও সিদ্দিক মিয়া আটক হন। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই সিদ্দিক মিয়া মারা যান।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত সিদ্দিক মিয়া অনেক আগে থেকে ডাকাতি করে আসছিল বলে পুলিশ জানায়।
পুলিশ আরও জানায়, প্রতিদিন দুই থেকে তিনটি ডাকাতির ঘটনায় অতিষ্ট এলাকাবাসী। তাই এ ধরনের হত্যার ঘটনা ঘটছে।
মনোহরদী থানার উপ-পরিদর্শক জিন্নত আলী জিন্নাহ আমরা মনোহরদীর পরিবার নিউজ পোর্টাল কে বলেন, আমরা প্রতিদিন তিনটি দল রাস্তায় টহল দেই। কিন্তু আমরা যেদিকে যাই তার বিপরীতে ডাকাতি করে তারা। ডাকাতির ধরন আর ডাকাতদের কর্মকাণ্ডে মনে হচ্ছে ডাকাতির আঁতুরঘর মনোহরদী। আমরা চেষ্টা করছি মনোহরদী থেকে এ ধরনের ডাকাতির ঘটনা বিতাড়িত করতে।
ডাকাত নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে।

No comments