নরসিংদীর মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ নয়ন মিয়া (৪০) নামে এক মহিলা ইউপি সদস্যের স্বামীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় চালাকচর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। নয়ন মিয়া হাফিজপুর গ্রামের মৃত বাসির উদ্দিনের ছেলে এবং চালাকচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রোকসানা বেগমের স্বামী।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মাদক কারবারি নয়ন মিয়া চালাকচর বাসস্ট্যান্ডে মাদক বেচাকেনা করছে এমন একটি সংবাদ পায় পুলিশ। এ সময় মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে মাদক বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে চালাকচর বাসস্ট্যান্ড সংলগ্ন তার বাসায় তল্লাসী চালিয়ে ৩০ পিস ইয়াবা, তিন শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়।
উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গোপন সূত্রে জানতে পারি নয়ন মিয়ার কাছে ইয়াবা ও গাঁজার একটি বড় চালান আসছে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে তিনি আগেই টের পেয়ে মাদকের একটি বড় অংশ সরিয়ে ফেলেছে।
মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ইউপি সদস্যের স্বামী নয়ন মিয়া চিহ্নিত একজন মাদক কারবারি। সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে মাদক ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments